• সিলেট, রাত ৩:১৫, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সালাহর নেতৃত্বে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

admin
প্রকাশিত মে ৩০, ২০২৬
সালাহর নেতৃত্বে মিসরের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাযোগ : আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য মোহাম্মদ সালাহর নেতৃত্বে চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। কোচ হোসাম হাসানের এই দলে অধিনায়ক সালাহ ছাড়াও জায়গা পেয়েছেন ওমর মারমুশ, মাহমুদ ত্রেজেগে ও ইমাম আশুরের মতো তারকা ফুটবলাররা। এক আসর বিরতির পর অভিজ্ঞ ও তরুণদের এক দারুণ কম্বিনেশন নিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখাতে চায় ফারাওরা। এবারের স্কোয়াডে গোলপোস্টের নিচে প্রধান ভরসা মোহাম্মদ এল শেনাওয়ি, রক্ষণভাগে থাকছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া ও আহমেদ ফাতুহ। মিডফিল্ডারের দায়িত্ব সামলাবেন ইমাম আশুর ও মারওয়ান আতিয়া, আর আক্রমণভাগে সালাহর সঙ্গী হিসেবে থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা ওমর মারমুশ ও মাহমুদ ত্রেজেগে। তবে এই চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন ওকতাই আবদুল্লাহ।আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া ইতিহাসের প্রথম ৪৮ দলের এই বিশ্বমঞ্চে নামার আগে বেশ গোছানো প্রস্তুতি নিচ্ছে মিসর। ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছেন, খুব দ্রুতই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে পুরো দল। সেখানে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামী ৬ জুন ওহাইওতে শক্তিশালী দল ব্রাজিলের মুখোমুখি হবে তারা। এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। আর সালাহদের প্রাথমিক লক্ষ্য হলো এই কঠিন গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া।

এই নিউজ ২৯ বার পড়া হয়েছে