পূর্ব জাফলং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা দীর্ঘ এক যুগের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
পূর্ব জাফলং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা দীর্ঘ এক যুগের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
admin
প্রকাশিত মে ২৫, ২০২৬
কালাম সিকদার : সিলেটের গোয়াইনঘাট উপজেলা এর ৩নং পূর্ব জাফলং ইউনিয়ন এর একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যায়। সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদার স্তূপ। এতে করে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, জাফলং, ছৈলাখেল অষ্টম খন্ড, আসামপাড়া, আসামপাড়া হাওর, নয়াগাঙ্গের পার, কৈকান্দের পার, নবম খন্ড, নতুন বাজার, সানকিভাঙ্গা, বেত্তাপাড়া সহ আশপাশের বহু গ্রামের মানুষের একমাত্র সংযোগ সড়ক এটি। অথচ দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে অনেক সময় হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। কৃষকের উৎপাদিত ফসল এবং ব্যবসায়ীদের মালামাল সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেকে। স্থানীয় বাসিন্দারা জানান, পর্যটন নগরী জাফলং এর পাশের গ্রামগুলোর এমন বেহাল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুঃখজনক। একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে এটি। এলাকাবাসী মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় জনপ্রতিনিধি এবং সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।