লালমনিরহাটে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
লালমনিরহাটে জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা, সাহিত্যপাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৫ মে) বিকেলে লালমনিরহাটের সাপটানা বাজারস্থ ‘পাঠশালা আধুনিক কিন্ডার গার্টেন’ প্রাঙ্গণে ‘স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্র’ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এই স অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সসংগঠক, সাংবাদিক ও শিক্ষক মুনিম হোসেন খন্দকার প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। অনুষ্ঠানের পুরো পর্বটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে উপস্থাপনা করেন কবি ও শিক্ষক এন. এইচ. আশিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কথাসাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি বলেন, ”কাজী নজরুল ইসলাম কেবল সাম্য ও দ্রোহের কবি নন, তিনি ছিলেন বাঙালির অসাম্প্রদায়িক চেতনার মূল বাতিঘর। বর্তমান যুগের ক্ষয়িষ্ণু সামাজিক মূল্যবোধের উত্তরণে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন প্রতিটি মানুষের হৃদয়ে ধারণ করা জরুরি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে নজরুল চর্চার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জাতীয় কবির জীবন, সাহিত্য ও দর্শনের ওপর বিশদ আলোকপাত করেন খোচাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ। তিনি কবির অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী সত্ত্বাকে ধারণ করে একটি মানবিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সাহিত্যপাঠ ও মুক্ত আলোচনায় আরও অংশ নেন কবি ও ছড়াকার শ. ম. শহীদ, বিশিষ্ট সংগীত শিল্পী রাওয়ানা মার্জিয়া, কবি ও লেখক আজিজুর রহমান, কবি ও শিক্ষক আজমেরী পারউইন লাবনী, সংগীত শিল্পী ও শিক্ষক আলেয়া ফেরদৌস লাকী, কবি ও শিক্ষক রেখা রানী, শিল্পী,কবি ও সাংবাদিক ফারুক আহমেদ সূর্য, কবি ও ব্যবসায়ী ইব্রাহীম সরদার, কবি ও সিনিয়র স্টাফ নার্স সিলভিয়া বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কবিরা নিজেদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং স্থানীয় শিল্পীদের নজরুলের কালজয়ী গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।