বাউফলে বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী সহোদরের পাশে উপজেলা বিএনপি, এক মাসের খাদ্য সহায়তা প্রদান
বাউফলে বাবা-মা হারানো তিন প্রতিবন্ধী সহোদরের পাশে উপজেলা বিএনপি, এক মাসের খাদ্য সহায়তা প্রদান
admin
প্রকাশিত জুন ৬, ২০২৬
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবা-মা হারিয়ে মানবেতর জীবনযাপন করা তিন প্রতিবন্ধী সহোদরের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকচাঁদকাঠী গ্রামে তাদের জন্য এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। সহায়তা কার্যক্রম পরিচালনা করেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রদত্ত সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ১৫ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ৩টি লুঙ্গি, ৩টি গেঞ্জি, ৩টি গামছা, ২ কেজি মুড়ি, ৮ কার্টন বিস্কুট, ৩ প্যাকেট চানাচুর এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী। মৃত রতন দাসের তিন প্রতিবন্ধী ছেলে—নিদু দাস, সাধন দাস ও রিপন দাসের পক্ষে সহায়তা গ্রহণ করেন তাদের বড় ভাই সুজন দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা-মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছিল ওই তিন ভাইয়ের। সম্প্রতি তাদের জীবনসংগ্রামের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও শুভানুধ্যায়ীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
স্থানীয় তরুণ অমিত দাস বলেন, “তিন ভাইকে বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করতে দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। এরপর তাদের জন্য সহযোগিতার আবেদন জানাই। উপজেলা প্রশাসন, সাংবাদিক এবং সমাজের সচেতন মানুষের সহযোগিতায় বিষয়টি সবার নজরে আসে।”
তিনি আরও বলেন, “উপজেলা বিএনপির পক্ষ থেকে আজ যে সহায়তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিন ভাইয়ের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনের জন্য সমাজের বিত্তবানদের আরও এগিয়ে আসা প্রয়োজন।”
এ বিষয়ে সামুয়েল আহমেদ লেনিন বলেন, “তিন ভাইয়ের দুর্দশার কথা জানতে পেরে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপাতত এক মাসের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাউফলে যে কোনো অসহায় মানুষের পাশে উপজেলা বিএনপি সবসময় থাকবে।”
উপজেলা বিএনপির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে অসহায় তিন সহোদরের জীবনযাত্রা আরও নিরাপদ ও স্বাভাবিক হবে।