• সিলেট, সকাল ৯:৩৩, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টিসিবির ২৪০ কেজি চালসহ জামায়াত নেতা আটক, উদ্ধার ২৫টি স্মার্ট কার্ড

admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
টিসিবির ২৪০ কেজি চালসহ জামায়াত নেতা আটক, উদ্ধার ২৫টি স্মার্ট কার্ড

মোঃ রাশিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে টিসিবির প্রায় ২৪০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মো. শাকিল শিকদার নামে এক ইউনিয়ন জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাকিল শিকদার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে গোপনে কয়েকটি বস্তাভর্তি টিসিবির চাল শাকিল শিকদারের মমিনপুর বাজার সংলগ্ন বাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের সন্দেহ হয়। পরে স্থানীয়রা শাকিলের বাড়িতে গিয়ে ২৫ জন টিসিবি সুবিধাভোগীর স্মার্ট কার্ডসহ প্রায় ২৪০ কেজি চাল উদ্ধার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উদ্ধার করা চাল সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য হাসানের জিম্মায় রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য সাধারণত দিনের বেলায় বিতরণ করা হয়। রাতে একজন ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ চাল মজুদ করার ঘটনায় আত্মসাতের উদ্দেশ্য রয়েছে বলে তাঁদের সন্দেহ। অভিযুক্ত শাকিল শিকদার দাবি করেন, ঘটনাটি স্থানীয় বিএনপির সাজানো নাটক। তিনি বলেন, “আমার ছোট ভাই রাজিব ভাড়ায় মোটরসাইকেল চালায়। গত এক বছর ধরে টিসিবির সুবিধাভোগীরা রাজিবের মাধ্যমে পণ্য কিনে আসছেন। এ জন্য তিনি প্রতি কার্ডে ৩০ টাকা করে পেয়ে থাকেন। নিরাপদে রাখার জন্য চালগুলো আমার বাড়িতে রাখা হয়েছিল।” তবে এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি কিছু জানি না।” বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহম্মেদ বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই নিউজ ৩৪ বার পড়া হয়েছে