নাটোর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে নাটোর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম আজ শুরু হয়েছে। শনিবার শহরের রাণী ভবানী রাজবাড়ি গেট থেকে এই কার্যক্রম শুরু করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে নাটোর পৌরসভার সংশ্লিষ্ট এলাকাগুলোতে পৌরসভার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ঘাস-ঝোঁপ-জঙ্গল অপসারণ করা হচ্ছে। যুগপৎভাবে চলছে ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম। প্রথম পর্যায়ে পৌরসভার ১ থেকে ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ড এলাকায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আরিফ হোসেন জানান, আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করে নিজেদের দপ্তর বা বাড়ির এলাকাকে পরিচ্ছন্ন রাখতে নিজস্ব উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধ করা। তিনি বলেন, পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।