• সিলেট, সকাল ৬:১৬, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার-১

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার-১

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত -২০২৩) তৎসহ ৪৪৭/১৮৮ পেনাল কোড- এ সরকারি জমিতে বিনা অনুমতিতে অবৈধ অনুপ্রবেশ ও বে-আইনিভাবে মাটি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় নিলখী এলাকার হেমায়েত উদ্দিন ফকিরের ছেলে সাহেদ আলী ফকির নামক এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন শরিফের সাথে এ বিষয়ে কথা বলে জানা যায়, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকারি জমি দখল, অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, মাটি কাটা এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, “সরকারি জমিতে অনধিকার প্রবেশ, মাটি কেটে নেওয়া কিংবা অন্য যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার (৬ জুন) দায়েরকৃত মামলার একজন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।” এ সময় তিনি আরো বলেন, “ভূমিদস্যু, মাটি খেকো ও বালু চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদে অনধিকার তসরুপকারীদের জেল ও জরিমানাসহ প্রচলিত আইনের আওতায় আনা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।” প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি ও সম্পদ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখল বা অবৈধভাবে মাটি কাটার বিষয়ে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এদিকে অবৈধভাবে সরকারি জমি দখল, ভেকু মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করা, ফসলি জমির টপ লেয়ার ইটভাটায় বিক্রি করা, সরকার নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, সরকারি গাছ কেটে নেওয়া কতিপয় চক্রের বিরুদ্ধে গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনায় প্রশাসনের এ ধরনের অভিযান ও কর্মকাণ্ড কে সাধারণ জনগণ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন। কোন কিছুতেই যেন এ ধরনের অভিযান বন্ধ না হয় তারা সেদিকেও মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

এই নিউজ ১০ বার পড়া হয়েছে