• সিলেট, সকাল ৬:১৯, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কসমেটিকস ও চকলেটসহ গোয়াইনঘাটে কাভার্ড ভ্যান জব্দ, চালকসহ আটক ১

admin
প্রকাশিত জুন ২, ২০২৬
কসমেটিকস ও চকলেটসহ গোয়াইনঘাটে কাভার্ড ভ্যান জব্দ, চালকসহ আটক ১

সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস ও চকলেটসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় ইকরামুল হক রানা (২০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। ১ জুন রাতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ১৮ হাজার ৭২০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ১ জুন রাতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জিজত চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সালুটিকর বাজারে ডিউটিতে ছিল। রাত সোয়া ৮টার দিকে গোপন সূত্রে খবর আসে, একটি চোরাচালান চক্র ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা কসমেটিকস ও চকলেটের একটি চালান কাভার্ড ভ্যানে করে নিয়ে আসছে। সংবাদ পেয়ে পুলিশ টিম সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে গোয়াইনঘাট-সালুটিকর সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। রাত ৯টার দিকে একটি নীল রঙের ডিআই কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে আসলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালকের পাশে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে রাত ৯টা ২০ মিনিটে পুলিশ ধাওয়া করে গাড়ির চালক ইকরামুল হক রানাকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি অন্ধকারে নিখোঁজ হন। আটককৃত ইকরামুল হক রানা গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পেনাইকোনা গ্রামের আতাউর রহমানের ছেলে। জিজ্ঞাসাবাদে আটক আসামি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মাসুক আহমেদ (৩৫) এবং তিনি জব্দকৃত মালামালের মালিক। পরে উপস্থিত সাক্ষীদের সামনে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পুলিশ ১৮ বস্তা প্রিংগেলস চিপস, ১১ বস্তা স্নিকার্স চকলেট, এবং মোট ৭ বস্তা বিভিন্ন সাইজের জনসন বেবি বাথ জব্দ করে। চোরাচালানে ব্যবহৃত ৮ লাখ টাকা মূল্যের কাভার্ড ভ্যানসহ সব মিলিয়ে সর্বমোট ২৬ লাখ ১৮ হাজার ৭২০ টাকার মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সিদ্দিক খলিফা বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই নিউজ ১৮ বার পড়া হয়েছে