• সিলেট, সকাল ৬:১৭, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লাওসের গুহায় আটকে পড়া ৭ জনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ডুবুরিরা

admin
প্রকাশিত মে ২৭, ২০২৬
লাওসের গুহায় আটকে পড়া ৭ জনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ডুবুরিরা

আন্তর্জাতিক ডেস্ক : লাওসের একটি প্লাবিত গুহায় এক সপ্তাহ ধরে আটকে থাকা সাত জনকে উদ্ধার করতে ডুবুরিরা ‘সময়ের সঙ্গে পাল্লা দিয়ে’ প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এই উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক বিশেষজ্ঞ ডুবুরি এ তথ্য জানিয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফিনল্যান্ডের ডুবুরি মিকো পাসি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, যদি আজ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়, তাহলে আমরা গুহার সবচেয়ে ভেতরের অংশে পৌঁছে নিখোঁজ সাত জনকে খুঁজে বের করার জন্য একটি চূড়ান্ত অনুসন্ধানমূলক ডুব দেওয়ার কথা বিবেচনা করছি।তিনি আরও বলেন, ‘আমরা সময়ের সাথে পাল্লা দিচ্ছি। কারণ আজ সপ্তম দিন চলছে এবং ভেতরে যাওয়ার পথটি নানা প্রতিবন্ধকতায় ভরা।’ তিনি ২০১৮ সালে থাইল্যান্ডের একটি জলমগ্ন গুহা থেকে নাটকীয়ভাবে একটি যুব ফুটবল দলকে উদ্ধারে সহায়তা করেছিলেন। লাওসের রাষ্ট্রীয় গণমাধ্যম এই সপ্তাহে জানিয়েছে, গত ২০ মে রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত মধ্যাঞ্চলীয় জাইসোমবুন প্রদেশের একটি গুহায় লাওসের সাত জন গ্রামবাসী প্রবেশ করেন। তারা স্বর্ণের সন্ধানে গুহায় প্রবেশ করেছিলেন। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিলে, গুহার ভেতরেই আটকে পড়েন এবং তাদের বাইরে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কর্তৃপক্ষ ও স্থানীয়রা পাম্পের সাহায্যে পানি বাইরে বের করার চেষ্টা চালালেও উদ্ধারকারী দল তখনও তাদের কাছে পৌঁছাতে পারেনি।রাষ্ট্রীয় মালিকানাধীন লাও ইকোনমিক ডেইলি বুধবার জানিয়েছে, উদ্ধারকর্মীরা পানি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এই নিউজ ৩৫ বার পড়া হয়েছে