সিলেট প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা, পশুর হাট ও ঈদ জামাত নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), এমনটি জানিয়েছেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস।
সাম্প্রতিক কিছু ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এবার সিলেট নগরীতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে। নগরবাসীর জানমালের সুরক্ষায় থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রসহ সমস্ত অপারেশনাল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ছুটি বাতিল করে রাতভর বিশেষ ডিউটির আওতায় আনা হয়েছে। কমিশনার জানান, ঈদের বাজার এবং কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শতভাগ তৎপর। তিনি বলেন, “আমাদের ম্যাক্সিমাম ফোর্সকে ছুটি দেওয়া হয়নি। অপারেশনাল ইউনিটের প্রত্যেকে দিনের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি রাতেও অতিরিক্ত ডিউটি করছেন। নগরবাসীর নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, তার সব প্রস্তুতি আমাদের রয়েছে।” পশুর হাট ও ছাগলের হাটে বিশেষ নজরদারি: বিশেষ করে ঈদ কেনাকাটার পাশাপাশি সিলেটের বিভিন্ন পশুর হাটে জাল টাকা ও মলম পার্টির তৎপরতা রোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে বিশেষ টিম গঠন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে বাজার-সদাই ও পশু কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
রাতভর ৫০টি মোবাইল টিম ও বাইক পেট্রোলিং: নিরাপত্তা জোরদারে এবার পুলিশের টহল ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে দিনের বেলার পাশাপাশি রাতে রেগুলার মোবাইল টিমের সংখ্যা ৪০টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। এর বাইরেও অপরাধীদের চটজলদি ধাওয়া করতে এবং গলিপথে নজরদারি বাড়াতে ১০ থেকে ১২টি বিশেষ মোটরসাইকেল ও বাইক পেট্রোল টিম মাঠে নামানো হয়েছে। ৭৯টি ঈদ জামাত ও পর্যটন কেন্দ্রে কড়া পাহারা: সিলেট মহানগর এলাকায় এবার মোট ৭৯টি স্থানে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রতিটি ঈদগাহ ও মসজিদে ফোর্সের ডেপ্লয়মেন্ট (মোতায়েন) প্ল্যান চূড়ান্ত করা হয়েছে। গতবারের চেয়েও এবার অধিকতর উন্নত ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি, ঈদের ছুটিতে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কর্মকর্তা জানান, পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত ফোর্সের ছুটি বন্ধ রাখা হয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানি বা ছিনতাইয়ের শিকার না হন, সে জন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশও বিশেষ নজরদারিতে থাকবে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক ও পুলিশ বক্স: সিলেট নগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন কিছু স্থায়ী ও অস্থায়ী পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে এসএমপি। কিন ব্রিজ (Keane Bridge): সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) অনুমতি সাপেক্ষে ঐতিহ্যবাহী কিন ব্রিজের নিচে একটি স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা হবে।
আলমপুর ও বাগবাড়ী: আলমপুরের পুরোনো ও ব্যবহারের অযোগ্য বক্সটি নতুন করে সংস্কার ও নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাগবাড়ী বা তৎসংলগ্ন এলাকায় আরেকটি নতুন বক্স করা হবে। এছাড়া নগরের আরও ২-৪টি গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক ট্রাফিক বক্স স্থাপন করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সিলেটবাসীকে অনুরোধ জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ শীর্ষ কর্মকর্তা। সাধারণ মানুষের সম্পদ রক্ষায় কাজ করছে বিশেষ টিম : এছাড়া যারা ঈদের ছুটিতে বাড়িতে যাচ্ছেন তারা যদি মনে করেন তাদের মূল্যবান সম্পদ, গহনা-ঘাটি, টাকা পয়সা চাইলে এসএমপির একটি বিশেষ শাখায় জমা দিতে পারবেন। ঈদ শেষে ফেরার পর আবার যথাযত নিয়মে তা ফেরত নিতে পারবেন। এজন্য এসএমপির একটি বিশেষ টিম কাজ করছে।
পাশাপাশি সিলেট নগরবাসীকে এসএমপি পুলিশের পক্ষ থেকে আগাম ঈদ শুভেচ্ছাও জানান।