• সিলেট, সকাল ৯:২২, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দখলের অভিযোগ, বাউফলে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

admin
প্রকাশিত মে ২৬, ২০২৬
ওয়ারিশ সূত্রে পাওয়া জমি দখলের অভিযোগ, বাউফলে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

মোঃ রাশিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসা. শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে তার স্বামীর ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন। এ ঘটনায় একই এলাকার মো. হানিফ মোল্লা, তার ছেলে মো. নুরুজ্জামান মোল্লা এবং পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী এলাকার মো. ফারুক সরদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগে শাহানাজ বেগম উল্লেখ করেন, সম্পত্তি বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা তা মানেননি। বরং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তারা জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, গত ২৩ মে দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বগা ইউনিয়নের সাবুপুরা এলাকায় তার স্বামীর ওয়ারিশকৃত সম্পত্তি মাপঝোপ করে দখলের চেষ্টা করেন। এ সময় শাহানাজ বেগম বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোটা নিয়ে মারধরের চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানায়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সালিশের মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তদের কর্মকাণ্ডে যেকোনো সময় খুন-জখমসহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বাউফল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজ ৩৫ বার পড়া হয়েছে