• সিলেট, সকাল ৮:৩৮, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর বাউফল যমুনা টিভির প্রতিবেদককে পুলিশের হুমকি, থানায় জিডি

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
পটুয়াখালীর বাউফল যমুনা টিভির প্রতিবেদককে পুলিশের হুমকি, থানায় জিডি

মোঃ রাশিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কর্মরত যমুনা টেলিভিশনের রিপোর্টার রইসুল ইসলাম ইমনের বিরুদ্ধে এক পুলিশ সদস্য হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হুমকির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী সাংবাদিকের আবেদনের প্রেক্ষিতে বাউফল থানায় একটি জিডি (জেনারেল ডায়েরি) রুজু করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, হুমকি প্রদানের সময় পুলিশ সদস্য নিজের পরিচয় গোপন রাখলেও মুঠোফোন নম্বর ও স্থানীয়দের সাহায্যে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। অভিযুক্তের নাম সালাউদ্দিন হাওলাদার। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কনস্ট্যাবল এবং ধুলিয়া ইউনিয়নের রাবাই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। সালাউদ্দিন স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিতেও যুক্ত। জানা গেছে, রইসুল ইসলাম চন্দ্রদ্বীপ ইউনিয়নের রায়সাহেব এলাকায় ‘মুজিব কেল্লা’ নামে একটি আশ্রয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে অনুসন্ধান করতে গেলে তাকে হুমকি দেওয়া হয়। ওই প্রকল্পের কাজ করছেন অভিযুক্তের চাচা ও ধুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রিপন হাওলাদার। চাচার ঠিকাদারির অনিয়ম খুঁজে পাওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত পুলিশ সদস্য রইসুলকে ১০ থেকে ১৩ মে পর্যন্ত একাধিকবার ফোনে হুমকি দিয়েছেন। হুমকির অডিওতে শুনা যায়, সালাউদ্দিন বিভিন্ন সময় ভয়ঙ্কর হুমকি দেন, যার মধ্যে রয়েছে হাত-পা ভেঙে দেওয়ার ও হত্যার হুমকি। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর নেতারা। বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “একজন পুলিশ সদস্য যদি এভাবে সাংবাদিককে হুমকি দেয়, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া স্বাধীন সাংবাদিকতা কেবল কথায়ই সীমাবদ্ধ থাকবে।”
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ বলেন, “ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। দ্রুত তার অপসারণ দাবি করছি।” বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, “ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই নিউজ ৬৩ বার পড়া হয়েছে