• সিলেট, সকাল ৮:৩৪, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর দুর্গাপুর মাছ ব্যবসায়ীর ১২ লাখ টাকা চুরি, পুলিশের অভিযানে উদ্ধার

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
রাজশাহীর দুর্গাপুর মাছ ব্যবসায়ীর ১২ লাখ টাকা চুরি, পুলিশের অভিযানে উদ্ধার

জাহিদুল ইসলাম দু্‌র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় এক মাছ ব্যবসায়ীর ১২ লাখ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গত সোমবার (১২ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ী ইউনিয়ন এর শ্রীধরপুর গ্রামের বিশিষ্ট মাছ ব্যবসায়ী ও বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) এর ১২ লাখ টাকা চুরি হয়। তিনি মৃত আব্দুল হালিম মণ্ডলের ছেলে।ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে তিনি জনতা ব্যাংক দুর্গাপুর শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুর্গাপুর বাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বখতিয়ারপুর এলাকায় ফিরে আসেন। বাড়ির গ্যারেজে মোটরসাইকেল রেখে ঢাকা মেট্রো-গ-৪৭-৯২৩২ নম্বরের একটি মাইক্রো হাইব্রিড গাড়ির ভেতরে টাকার ব্যাগটি রেখে গাড়ির গ্লাস লক করে দোতলায় চলে যান।পরবর্তীতে বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির সামনে চায়ের দোকানে চা পান শেষে গাড়ি থেকে টাকার ব্যাগ আনতে গিয়ে তিনি দেখতে পান, মাইক্রোবাসটির পিছনের বাম পাশের গ্লাস ভাঙা এবং টাকার ব্যাগটি নেই।এ ঘটনায় মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে মাহফুজ (৩২), পিতা মোঃ মাহবুবুর রহমান, সাং গোপীনাথপুর, থানা দুর্গাপুর, জেলা রাজশাহীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৪, তারিখ-১২/০৫/২০২৬, ধারা ৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোড রুজু করা হয়।
মামলার তদন্তভার এসআই রেজাউল করিমের ওপর অর্পণ করা হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহফুজকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাহফুজ স্বীকার করে যে, তিনি পূর্বে বাদীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতেন এবং চুরি হওয়া টাকার ব্যাগটি বাড়ির সিঁড়ি ঘরে লুকিয়ে রেখেছেন। পরে তার দেওয়া তথ্যমতে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করে।
স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই নিউজ ৫৬ বার পড়া হয়েছে