সড়ক নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও ধীরগতির কারণে জনদুর্ভোগ
সড়ক নির্মাণে দুর্নীতি, অনিয়ম ও ধীরগতির কারণে জনদুর্ভোগ
admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
আসাদুজ্জামান রনজু : দীর্ঘদিন ধরে চলমান মধুপুর সাথীর মোড় থেকে টেকী বয়েল মোড় সড়ক নির্মাণ কাজে দুর্নীতি, অনিয়ম, নিম্নমানের কাজ এবং অস্বাভাবিক ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথ মান বজায় না রেখে দায়সারাভাবে কাজ করছে, ফলে অল্প সময়ের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় এক বছর পূর্বে শুরু হওয়া এই সড়ক উন্নয়ন কাজ এখনো শেষ হয়নি। কাজের ধীরগতির কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ধুলাবালি ও কাদার কারণে দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। বিশেষ করে বৃষ্টি হলে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং নির্ধারিত নিয়ম না মেনেই কাজ সম্পন্ন করা হচ্ছে। অনেক স্থানে প্রয়োজনীয় পরিমাণ খোয়া ও বিটুমিন ব্যবহার না করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের শুরু থেকেই তদারকির অভাব ছিল।এ বিষয়ে কয়েকজন সচেতন নাগরিক বলেন, সরকারি অর্থ ব্যয়ে পরিচালিত এ ধরনের উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের ভোগান্তি কখনো কমবে না। তারা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার দাবি জানান।এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।স্থানীয় জনগণ অবিলম্বে সড়ক নির্মাণকাজের অনিয়ম তদন্ত করে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন