• সিলেট, সকাল ৭:৪৯, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ

লালমনিরহাট প্রতিনিধি: রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ দুই কিশোর হলো, মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪)। তারা মোগলহাট বাজার সংলগ্ন এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুর প্রায় ২টার দিকে দুই ভাই তাদের বন্ধু মেহেদীকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা তিনজনই বিপদে পড়ে। এ সময় মেহেদী প্রাণপণে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নদীর স্রোতে তলিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ নদীর তীরে জড়ো হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে নিখোঁজ দুই ভাইকে খুঁজে বের করার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দুই ভাইয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাদ আহমেদ জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর স্রোত ও পানির গভীরতার কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবুও নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে দুই ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশায় নদীর তীরে অপেক্ষা করছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এই নিউজ ১৩ বার পড়া হয়েছে