
নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে। আহতদেরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিঙ্গিপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর বটতলা এলাকায় মারুফ শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত একটি ভিভো-০৭ অ্যান্ড্রুয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে আহতদের স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত নাসির শেখের স্ত্রী সাবিনা বেগম নিজে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি রামচন্দ্রপুর গ্রামের ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনের নাম উল্লেখ করেছেন। তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com