
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বুধবার (২৭ মে) দিনব্যাপী দুই উপজেলার বিভিন্ন বাজার সশরীরে পরিদর্শন করে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। চেক বিতরণ উপলক্ষে দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। ব্যবসায়ীদের উদ্দেশ্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহামারি, অগ্নিখণ্ড বা বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঈদে কিছুটা স্বস্তি পান এবং পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যেই নিজস্ব তহবিল থেকে এই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আকস্মিক এই আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার দরিদ্র ও ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা জানান, ঈদের মুখে এই অনুদান তাদের ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নতুন করে দাঁড়াতে দারুণভাবে সাহায্য করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com