
স্টাফ রির্পোটার : নিজের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি। সাংবাদিকতাকে কখনও ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে। তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। সাংবাদিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সংবাদ প্রকাশের আগে অবশ্যই অভিযুক্ত বা বিপরীত পক্ষের বক্তব্য নেওয়া উচিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য প্রচুর পড়াশোনারও করা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলেই অনেকেই ওয়েজবোর্ড অনুযায়ী ন্যায্য বেতন পান না। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশে নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com