
খোরশেদ আলম নওগাঁ: নওগাঁর মান্দায় শরিকানা জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল হামিদ শাহ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এক নারীসহ এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। গত ৭ জুন রবিবার সকাল আনুমানিক সকাল ১০টায় মান্দা থানাধীন ১নং ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ শাহ ছুটিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদ শাহ এবং অভিযুক্ত আসামিরা একই বাড়ির শরিক এবং প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা চলছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমির দখল বা সীমানা নিয়ে আব্দুল হামিদের ছেলে আলী হাসানের (৩০) সাথে বিবাদী পক্ষের লোকজনের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালীন প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে আব্দুল হামিদ শাহ বুকের বাম পাশের পাঁজরে প্রচণ্ড আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অবগত হওয়ার সাথে সাথে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলমকে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পুলিশ সুপারের নির্দেশে ওসির নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি শক্তিশালী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ আপেল মাহমুদ ওরফে আল ফারুক (২৯), পিতা- মোঃ হায়দার আলী শাহ, মাতা- মোছাঃ আলেফা বেগম। মোঃ আঃ মতিন শাহ (৪০), পিতা- মৃত কছিম উদ্দিন শাহ, মাতা- মৃত ছায়েরা বেগম। মোছাঃ আলেফা বেগম (৪৫), স্বামী- মোঃ হায়দার আলী শাহ, মাতা- মোছাঃ জোলেখা বেগম। গ্রেপ্তারকৃত সকলেই ছুটিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মান্দা থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, ঘটনার সাথে জড়িত মূল ৩ আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও ইন্ধন বা সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত দল গভীরভাবে কাজ করছে। তদন্তে অন্য কারও নাম এলে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: মো. ফিরোজ আহমেদ মোল্লা
নির্বাহী সম্পাদক আব্দুল হালিম সাগর
প্রকাশক কর্তৃক বি,এস, প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ৮৭ পুরানো পল্টন টাওয়ার, পুরানো পল্টন লেন থেকে প্রকাশিত।
সম্পাদকীয় কার্যালয়: ২৬ দেলোয়ার কমপ্লেক্স (৫ম তলা), টিকাটুলী, ঢাকা-১২০৩।
মোবাইল: ভারপ্রাপ্ত সম্পাদক-০১৭১৫৬৯৩৭৫৩, ০১৩১৩৮৪৬৫২৫, নির্বাহী সম্পাদক: ০১৭২২-০৬২২৭৪। E-mail: dailyporzobekkhonbd.com